ছবি আসল না এআই—বুঝবেন কিভাবে
ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃশ্য দেখা গেছে। নামাজ আদায়রত মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের হিন্দু সহপাঠীরা মানবঢাল হয়ে দাঁড়ান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়ায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্সটি সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, পবিত্র রমজান মাসে কোনো পূর্বনোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।
রোববার মসজিদ বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। সেই সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হিন্দু শিক্ষার্থীরা তাদের চারপাশ ঘিরে মানবঢাল তৈরি করেন, যা ক্যাম্পাসে সম্প্রীতির এক শক্ত বার্তা দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, লাল বড়দারি ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত মেরামত করে মসজিদ খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এই ঘটনা ভারতের লখনৌ শহরে সাম্প্রদায়িক সহাবস্থানের ইতিবাচক উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
Comments
Post a Comment